MHC থেকে তথ্য সংগৃহীত।

থেরবাদী বৌদ্ধধর্মের অনুসারী মারমারা সর্বপ্রাণবাদেও বিশ্বাসী । তাদের মনের গভীরে এ বিশ্বাস দৃঢ়ভাবে প্রোথিত যে ,তাদের প্রাত্যহিক যাপিত জীবনে যা কিছু দুঃখ -দুর্দর্শা ,বিপদ-আপদ,অভাব-অনটন,সুখ-বিসুখ ইত্যাদি দেখা দেয় তা সবই অপদেবতা,ভুত ও প্রেতদেরই কারসাজি।জুমে কিংবা জমিতে ভাল ফলন না হলে ,ধরে নেবে নিশ্চয়ই"অবংমা" (শস্যদেবী) অসন্তুষ্ট হয়েছে । গৃহপালিত গরু কিংবা মহিষ হাতিয়ে গেছে ,খুজে খুজে হয়রান ,পাওয়া যাচ্ছে না,বুঝে নেবে যে কোনো অপদেবতা লুকিয়ে রেখেছে । "সৈতবী" বা " চনি" (শনি পূজা) মানত করে পূজা দিতে হবে । শিশুর জন্ম হয়েছে ,বৈদ্য বার বার ঝাড়ফুক ও তন্ত্রমন্ত্র করার পরও নবজাতকের কান্না কিছুতেই থামছে না ,শরীরে রং বা বর্ণ ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে ,নিশ্চিত হয়ে যাবে যে এটা "মাদ্রা নেহ"  (শিশুদের যন্ত্রনাকারী পেত্নী ) এর কারসাজি ।তাকে পূজা দিয়ে সন্তুষ্ট করতে হবে ।বাড়ির হালের বলদ ক্রমাগত রোগাক্রান্ত হচ্ছে,চাষাবাদ বন্ধ হবার উপক্রম ধরে নেবে যে এইটা "ব্ দ নেহ" বা (গৃহপালিত পশু রক্ষাকারী দেবতা ) এর কুনজরে পড়েছে । বাচ্চার শরীরে খোঁসস-পাচরার মতো  চর্মরোগ দেখা দিয়েছে ,বনজ ওষধে কিছুই কাজ হচ্ছে না,নিশ্চিত হয়ে যাবে যে "নবেমা ও নগ্যামা" দুই এই পেত্নীদ্বয়কে মন্ত্রপুত ভাত ছিটিয়ে দিয়ে সন্তুষ্ট করতে হবে ইত্যাদি ইত্যাদি । 

একথা অনুমেয় যে,সুদূর অতীতে পাহাড় -পর্বত,গুহা-কন্দর,খানা-খন্দ ,নালা-ছড়ায় ঠাসা বিপদসঙ্কুল গভীর অরণ্যে মারমাদের পরিযায়ী জীবন যাপন কালে ঝড়-ঝঞ্জা ,বন্যা-খরা,অসুখ-বিসুখ,বিপদ-আপদসহ নানাবিধ প্রাকৃতিক দুর্যোগের সামনে সম্পূর্ণ অসহায় বোধ থেকেই তাদের মনে এ সবের পেছনে কোন অপশক্তির অস্তিত্বের কথা দৃঢ়ভাবে স্থান করে নেয় । তাদের এসব বিশ্বাস কালান্তের বিভিন্ন দেব-দেবী,ভুত-প্রেত ইত্যাদিতে রূপান্তরিত হয় । সংগত কারনে এসব অপদেবতার রুদ্ররোষ থেকে নিজেকে রক্ষা করে  নির্ঝঞ্জাট ও নিরুপদ্রব জীবন নিশ্চিত করার লক্ষ্যে অপদেবতাকে পূজার্চনার মাধ্যমে সন্তুষ্ট রাখা তাদের প্রাত্যহিক জীবনাচারের এক অবিচ্ছেদ্য অনুসঙ্গ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে । মারমাদের মধ্যে অপদেবতা ,ভুত,প্রেতদের পূজার্চনার এ সংস্কৃতি বহতা নদীর ধারার মতো বংশ পরম্পরায় চলে আসছে এবং আজ অবধি তা বহমান রয়েছে । বিজ্ঞান মনস্কতার অভাবে একবিংশ শতাব্দীতে এসেও মারমা অধ্যুষিত কিছু কিছু এলাকায় বিশেষত প্রত্যন্ত গ্রামাঞ্চলে আজও অপদেবতাদের অস্থিত্বের বিশ্বাস ও পূজা অর্চনার রীতি অটুট  রয়েছে ।  

আরো পড়ুন আমাদের দেব দেবী পূজা সম্পর্কে জানতে  এখানে ক্লিক করোন